পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল বিক্ষোভ
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামানের বিরুদ্ধে অপপ্রচার ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুর। বুধবার(১৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে পিরোজপুর টাউন ক্লাব চত্বরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিকালে টাউন ক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। তারা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে টাউন ক্লাব রোডে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলিজা জামান দলের একজন ত্যাগী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেত্রী।সদ্য সমাপ্ত নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি যখন দিনরাত পরিশ্রম করেছেন, ঠিক তখনই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি কিছু মাদকসেবী ও চিহ্নিত মাদক কারবারিকে লেলিয়ে দিয়ে নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিছিল করানো হয়েছে। তারা বলেন, “রাজনীতিতে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি কুচক্রী মহল এখন ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ কটূক্তির আশ্রয় নিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ এবং টোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাইদুল হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় এই কুচক্রী মহলের পরিচয় জনসম্মুুক্ষে প্রকাশ করে তাদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা দেওয়া হয়।












