যখনই সবজি খাবেন সেখানে লেবুর রস অবশ্যই মেশাবেন!
।।আজ সারাদিন ডেস্ক।।
আয়রন হলো হিমোগ্লোবিনের মূল উপাদান,যা লোহিত রক্তকণিকায় (RBC) থাকে। হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া। আয়রনের অভাবে রক্তশূন্যতা (Iron-deficiency anemia), ক্লান্তি, দুর্বলতা, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, চুল পড়া ও ত্বক ফ্যাকাশে হয়ে যায়।
আয়রন (Iron) সমৃদ্ধ সবজি মূলত দুই ধরনের হয়:
১. নন-হিম আয়রন (Non-heme iron) যেটা উদ্ভিদজাত খাবারে পাওয়া যায়। ২. হিম আয়রন (Heme iron) যেটা প্রাণিজ খাবারে পাওয়া যায় (মাংস, মাছ ইত্যাদি)।
শাকসবজির আয়রন হলো নন-হিম আয়রন, যা শরীর সহজে শোষণ করতে পারে না। লেবুর রসে প্রচুর ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) থাকে। ভিটামিন সি আয়রনকে ফেরাস আয়রনে (Fe²⁺) রূপান্তর করে, যা শরীর সহজে শোষণ করতে পারে।ফলে শাকসবজির আয়রন শরীরে দ্রুত ও বেশি পরিমাণে শোষিত হয়।
পালং শাক বা লাল শাক ভাজি করার পর তার উপর লেবুর রস ছিটিয়ে দিলে শরীর আয়রন বেশি শোষণ করবে। কাঁচা সালাদ (শাক, শসা, টমেটো) এর সাথে লেবুর রস মিশিয়ে খেলে আয়রন শোষণ আরও ভালো হয়।
এছাড়াও আয়রন সমৃদ্ধ সবজি খাওয়ার সাথে সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার (লেবু, কমলা, আমলকি, টমেটো) খাওয়া গেলেও আয়রন দ্রুত শোষণ হবে।
সতর্কতা:
রান্নার সময় লেবুর রস দিলে ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্নার পর বা খাওয়ার আগে লেবুর রস দেওয়া সবচেয়ে ভালো।
চা-কফি খাবার সাথে সাথে খাবেন না, কারণ এতে থাকা ট্যানিন আয়রন শোষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।









