ডাকসু ও হল সংসদ নির্বাচনে ‘অটো ভোট’ অভিযোগ
।।আজ সারাদিন ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার ব্যালটে কিছু প্রার্থীর নামের পাশে আগেভাগেই ক্রস দেওয়া থাকার অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী এবং ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
শ্রেষ্ঠা অভিযোগ করেন, কিছু ব্যালটে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামে আগেভাগে ভোট দেওয়া ছিলো। তিনি জানান, টিএসসির কেন্দ্রে তার এক বন্ধু ভোট দিতে গিয়ে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেন। বুথে প্রবেশের পর দেখা যায়, ব্যালটে এই দুই প্রার্থীর নামের পাশে ইতিমধ্যেই ক্রস চিহ্ন রয়েছে। পরে এই বিষয়টি সংশ্লিষ্টদের কাছে জানতে চাইলে উল্টো জিজ্ঞাসাবাদ করা হয়। নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
অভিযোগের বিষয়ে টিএসসি কেন্দ্রের রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা জানান, “পোলিং অফিসাররা জানিয়েছেন, শিক্ষার্থীটি বুথের ভেতরে প্রবেশ করেছিল। সে প্রায় ১ মিনিট ভেতরে থাকার পর বেরিয়ে এসে অভিযোগ করেছেন যে তার ব্যালটে দুটি প্রার্থীর নামের পাশে ভোট দেওয়া ছিল। যেহেতু শিক্ষার্থীটি ভেতরে প্রবেশ করেছিল, তাই আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। এছাড়া অন্যান্য ব্যালটও আমরা পরীক্ষা করেছি, এখন পর্যন্ত অন্য কোথাও এমন ঘটনা পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছি।”
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তারা সিসিটিভি ফুটেজের পাশাপাশি পোলিং অফিসার ও কেন্দ্রীয় কর্মকর্তাদের সাক্ষ্যও যাচাই করছেন। কমিশন বলেছে, প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা হবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। এই ধরনের অভিযোগের কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত তদন্ত শেষ করে ভোটের প্রকৃত ফল ঘোষণা করার দাবি জানিয়েছেন।









