বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প
২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ছবি সংগৃহীত
বিজ্ঞাপন
শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায়। ঘন ঘন ভূকম্পনের এই ঘটনাকে বিশেষজ্ঞরা ভালো লক্ষণ নয় বলে সতর্ক করেছেন, যা রাজধানী এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে মোট ৯১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেটে তারা আরও জানিয়েছে, গত সাত দিনে বিশ্বজুড়ে অন্তত ৮৫২টি ভূমিকম্প অনুভূত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন মৃদু কম্পনগুলো বড় ভূমিকম্পের শক্তি সঞ্চয়ের লক্ষণ হতে পারে, তাই এই ধরনের ঘটনাকে অবহেলা করা উচিত নয়।
উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যা রাজধানীসহ সারা দেশেই অনুভূত হয়। এই ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়।












