ড্যাফোডিলের দুই বাসে আগুন, সুষ্ঠু তদন্তের দাবি বিশ্ববিদ্যালয়ের
রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ছাত্র পরিবহন বাসে অগ্নিসংযোগের মতো এমন হিংসাত্মক ও ফৌজদারি অপরাধের ঘটনা পূর্বে কখনও ঘটেনি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদের উপর এমন ভয়াবহ হামলা কেবল বিশ্ববিদ্যালয়ের ক্ষতি নয়, এটি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ এবং জাতীয় সম্পদের ওপর আঘাত।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। একই সাথে দায়ীদের খুঁজে বের করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি জোর দাবি জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানায়, সংশ্লিষ্ট বাসের মালিকপক্ষ ইতোমধ্যে মিরপুর এলাকার থানায় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করেছেন। আমরা আশা করি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধের রহস্য উন্মোচন করবে। সেই সাথে ভবিষ্যতে শিক্ষাঙ্গনের পরিবেশ ও সম্পদের উপর এমন হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।











