গাজীপুরে জাল দলিল ও পর্চা তৈরির সময় আটক -১
গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল, পর্চা তৈরির সময় হাতেনাতে একজনকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে, ভুয়া সিল,জাল নথিসহ জব্দ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাজীপুরের জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সোহেল রানা। তিনি বলেন, আমি শুধু সাপ্লাই দেই। কাগজপত্র হাবিবুল্লাহ সরবরাহ করেন। আশরাফ নামে জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী এখানে যাতায়াত করতেন বলেও জানান সোহেল রানা।
গাজীপুর সদর মেট্রো থানার এস আই আশরাফুল ইসলাম বলেন, জমির গুরুত্বপূর্ণ নথিপত্র যেগুলো ভূমি অফিস সরবরাহ করার কথা, সেগুলো এখান থেকে নকল করে দেওয়া হচ্ছে; এমন অভিযোগ ছিলো গাজীপুর আর্মি ক্যাম্পে। উনারা আজকে এখানে অভিযানে এসেছেন, আমাদেরও নিয়ে এসেছেন। আমরা এসে এর সত্যতা পেয়েছি। এর সঙ্গে আরও কারা জড়িত সেটি শনাক্তে কাজ করছি।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেলসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।












