ভোটের বিষয়;বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোটের জন্য বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
আজ সোমবার (২০ অক্টোবর) তিন ঘণ্টাব্যাপী আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এদিন সকালে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়। বৈঠকের একগুচ্ছ আলোচ্য বিষয় তুলে ধরে সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এ বৈঠক সূচনা ছিল এবং ধাপে ধাপে আরও বৈঠক হবে বলে জানান তিনি।
ইসি সচিব বলেন, বিভিন্নভাবে আরও কিছু কাজ আমাদের করতে হবে পর্যাক্রমিকভাবে। আজকে এটা সূচনা ছিল এবং আমরা এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যদের সঙ্গে বা এককভাবে বা যৌথভাবে এই সব জিনিসগুলোকে আরো ফাইন টিউন করবো। লক্ষ্য একটাই- অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। সবাই এ ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান।
নির্বাচনে নানা ধরনের চ্যালেঞ্জিং বিষয়গুলো আইনশৃঙ্খলা বিষয়ক সভায় উঠে এলেও তা সবিস্তারে বলেননি ইসি সচিব। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভোটের উপযোগী রয়েছে।
সচিব বলেন, যে বিষয়গুলো আমি বললাম শুরুতেই সেগুলোর ব্যাপারে আমরা দেখলাম যে, সবাই মোটামুটিভাবে ওয়াকিবহল এবং তাদের অভিজ্ঞতা থেকেই তারা এই জিনিসগুলোকে আলোচনায় চেয়েছিল। তফসিল থেকে ভোটের পরের আলোচনাটা বেশি প্রাধান্য পেয়েছে।
সভায় বাহিনীর সদস্য নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি দেখছেন কি না এবং আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা ভোটের জন্য কতটুকু উপযোগী জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের সময়সীমাটা তফসিল ঘোষণা থেকে গেজেট প্রকাশ পর্যন্ত ইসির এখতিয়ারাধীন। আমাদের আলোচনার পরিমিতিটা এটুকু ছিল। বাকিটুকু নিয়ে আমাদের আলোচনার এই মুহূর্তে সুযোগ নেই এবং আমরা করিওনি।
আইনশৃঙ্খলা নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে দাবি করেন তিনি।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমি তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) ভেতর উদ্বেগ দেখিনি। বরং এটা দেখেছি যে, তারা একটা ভালো ইলেকশনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন করার মতো পরিবেশ অবশ্যই আছে এবং সেটাই আরও সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে।
বর্তমান পরিস্থিতি কিংবা পরবর্তীতে ভোটের সময় নিয়ে কোনো শঙ্কাও প্রকাশ করা হয়নি বলে জানান তিনি।
সচিব বলেন, আশঙ্কা প্রকাশ করার যৌক্তিক কোনো কারণ নেই। কেউ করেননি। আমি দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারও বলছি আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না।
এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের সময় মবের দৌরাত্ম্য নিয়ে বলেছিলেন, ভোটের সময় ৩০০ আসনে মবকারীরা ভাগ হয়ে যাবে। মব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, আজকে এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি।
বিরাজমান পরিস্থিতিতে কোনো দল শঙ্কা প্রকাশ করলেও তার সঙ্গে আইনশৃঙ্খলা বৈঠকেরে সংযোগ নেই বলে মন্তব্য করেন সচিব।
দেশজুড়ে অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো থেকে শঙ্কা প্রকাশের পর ফেব্রুয়ারির নির্বাচন আসলে সম্ভব কি না জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আজকে এই সম্পর্কিত কোনো আলোচনাই হয়নি। আজকের আলোচনাটা ছিল মূলত নির্বাচনকে সুষ্ঠু এবং আরও সুন্দর করার জন্য, প্রস্তুতিমূলক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের আজকে মতবিনিময়ে ডাকা হয়েছে।












