মাদক ও মোবাইল আসক্তি রুখতে খেলাধুলার বিকল্প নেই : অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর প্রতিনিধি :
মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে যুব সমাজকে মাঠমুখী করার আহ্বান জানিয়েছেন তেজদাসকাঠী কলেজের সাবেক অধ্যক্ষ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলমগীর হোসেন।
তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা মাদক এবং মোবাইল আসক্তি। এই দুই ব্যাধি থেকে সন্তানদের বাঁচাতে হলে শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অভ্যস্ত করতে হবে।
মঙ্গলবার(২৪ মার্চ) রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পূর্ব খানাকুনিয়ারী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, “শুধুমাত্র পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবারকে প্রথম ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মায়েদের সচেতন হতে হবে। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে—সেদিকে নজর রাখতে হবে। ফজরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত সন্তানের রুটিন ঠিক করে দিতে হবে।” নিজের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা যে ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা গ্রাজুয়েট ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট কবি ও লেখক এ কে আজাদ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বর্তমান প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর প্রত্যয় ব্যক্ত করেন।












