নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সারাদেশে অব্যাহত নারী-শিশু নির্যাতন-ধর্ষণের দ্রুত বিচারের দাবি
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কিশোরীর পরিবার ধর্ষণের বিচারের আশায় স্থানীয় নেতাদের সহযোগিতা চায়। স্থানীয় বিএনপি নেতাদের কর্তৃক সালিশের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সালিশ করায় অপরাধী ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিতে থাকে। এমন পরিস্থিতিতে মেয়েকে খালার বাড়িতে রাখতে যাচ্ছিলেন বাবা। পথে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নূরার নেতৃত্বে কয়েকজন কিশোরীটিকে অপহরণ করে নিয়ে যায়। তারপর কিশোরীটিকে আবারও ধর্ষণ করে হত্যা করার মতো বর্বরতম ঘটনা ঘটেছে। এছাড়াও সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ভোলায় বাক্প্রতিবন্ধী গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগসহ সারাদেশে বেশ কিছু ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে।
এর প্রেক্ষিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, “নরসিংদীর ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বোঝা যায়, এই দেশে নারী ও কিশোরীরা এখনো নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা থাকলেও তারপর থেকেই নারীরা নানাভাবে ধর্ষণ, নিপীড়ন, লাঞ্ছনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার সেসময় এসকল নিপীড়নের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নি।"
নেতৃবৃন্দ যুক্ত করেন, “আইন ও বিশেষ ট্রাইব্যুনাল থাকা সত্ত্বেও ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধ ও বিচার নিশ্চিত না হওয়ায় আইনের কঠোরতা কাগজেই সীমাবদ্ধ থাকছে। বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি এধরনের অপরাধপ্রবণতা বাড়াচ্ছে।"
তারা আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতেও আমরা নারী নির্যাতনের ধারাবাহিক ঘটনা দেখছি। ধর্ষণ ও নারী নিপীড়নের মতো ঘটনার সাথে যুক্তদের রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়ার ঘটনারও পুনরাবৃত্তি হচ্ছে। আমাদের দেশের শাসকদের নারীদের দেখার দৃষ্টিভঙ্গী এবং সামাজিক পরিস্থিতিই নারী নিপীড়নের জন্য দায়ী। সকল সরকার দেশে মাদক, জুয়া, নারী বিরোধী নানা সাংস্কৃতিক আয়োজন উৎসাহিত করার মধ্য দিয়ে নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করেছে। আমরা অবিলম্বে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।