রমজান ঘিরে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন পিরোজপুরে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিতকরণে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক করতে হবে। পাইকারি ব্যবসায়ীদের পাকা রসিদ ছাড়া কোনো পণ্য ক্রয়-বিক্রয় না করার বিষয়টি কঠোরভাবে তদারকির জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কোনো ধরনের ভেজাল খাদ্য বা পণ্য বিক্রি বরদাশত করা হবে না। প্রতিটি উপজেলায় একটি করে মনিটরিং টিম গঠন করা হবে এবং এসব টিম সরাসরি জেলা প্রশাসকের কাছে তাদের কার্যক্রমের নিয়মিত প্রতিবেদন প্রদান করবে।
সভাপতি উল্লেখ করেন, বর্তমান সরকার বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। নির্দেশনা অমান্য করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
পাশাপাশি বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সবাইকে মানবিক আচরণ করতে হবে।
এসময় তিনি ইসলামিক ফাউন্ডেশন-এর প্রতিনিধিকে মসজিদে মসজিদে খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্য গ্রহণের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতৃবৃন্দ বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।












