আমার নেত্রী নেই, আমরা শোককে নির্বাচনে ব্যবহার করতে চাই না : সালাহউদ্দিন আহমেদ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আসনে তাঁর বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমরা সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চাই। কিন্তু এটা দলীয়ভাবে নির্বাচনী কাজে ব্যবহার করার মতো এতো সংকীর্ণ আমরা নই। আমরা তাঁর শোককে-শক্তিকে জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলেও তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারতো। কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি নেই (মারা গেছেন)। আইনগতভাবে, লিগ্যাল এন্টিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন। সেজন্য তার মনোনয়নপত্র বাছাইয়ে টিকবে না। সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, তারাই প্রার্থী হবেন।’’
বেগম খালেদা জিয়া মানুষের অন্তরে আছেন উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেত্রী নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। জানাজায়, যারা ঢাকায় আসতে পারেননি, তারাও গায়েবে জানাজায় শরিক হয়েছেন। সারা পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা- এ কথা প্রতিষ্ঠিত হয়েছে।’’
তিন আরও বলেন, ‘‘কত মানুষ তার জানাজায় শরিক হয়েছেন, তার পরিসংখ্যান হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে। কারণ শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে ও বিশ্বাস করে, গণতন্ত্রের লড়াই-সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কীভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন।












