মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার সাথে কুয়াশা ঘেরা হিমেল হাওয়ায় কাঁপছে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল। সকাল ১১ টার আগে বরিশালে সূর্যের দেখা মেলেনি।
শীতের শুরুতেই নাব্যতা হারাচ্ছে দক্ষিণাঞ্চলের নদ-নদী। এতে ঢাকা-বরিশালসহ অন্তত ১০ রুটে নৌ-চলাচলে বিঘ্ন ঘটছে। যাত্রীবাহী লঞ্চগুলো ঘুরে অন্য পথ দিয়ে যাওয়ায় সময় বেশি লাগছে। পরিস্থিতি আরও খারাপ হলে একাধিক নৌ-রুট বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন নৌযান চালকরা।
তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে যাবার ফলে দক্ষিণাঞ্চলের জনজীবনও অনেকটাই বিপর্যয়ের কবলে। তবে আবহাওয়া বিভাগ থেকে ‘দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থানের কথা জানিয়ে তার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে’ বলে জানান হয়েছে। তবে আবহাওয়া বিভাগের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত ৩ মাসের দীর্ঘ মেয়াদী বুলেটিনে ৮-১০ ডিগ্রী সেলসিয়াসের ৩-৯টি মৃদু থেকে ৬-৮ ডিগ্রী সেলসিয়াসের মাঝারী এবং ৪-৬ ডিগ্রী সেলসিয়াসের ২-৩টি তীব্র শৈত্য প্রবাহের আশংকার কথাও বলা হয়েছে।
এদিকে তাপমাত্রার পারদ নিচে নামতে শুরু করার মধ্যেই সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা ধরনের রোগব্যাধীর প্রকোপও বাড়তে শুরু করেছে আশংকাজনক হারে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের সবগুলো হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগের মেঝেতেও এখন রোগীদের ঠাই মিলছে না
তবে কৃষিবিদদের মতে আবহাওয়া বিভাগের দীর্ঘ মেয়াদী পূর্বাভাস বাস্তব রূপলাভ করে একাধিক মাঝারী থেকে তীব্র শৈত্য প্রবাহ বয়ে গেলে দক্ষিণাঞ্চলের বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’র কবলে পড়ার আশংকার কথা জানান হয়েছে। পাশাপাশি গোল আলুর জমিও ‘লেট ব্লাইট ’ নামে এক ধরনের ছত্রাকবাহী রোগে আক্রান্ত হবার আশংকাও বাড়বে। তবে তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে নেমে গেলে গমের উৎপাদন সঠিক মাত্রায় পৌছার জন্য সহায়ক হতে পারে বলেও মনে করছেন কৃষিবীদগন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, চলতি রবি মৌসুমে প্রায় ৩.৮৫ লাখ হেক্টরে বোরো আবাদের লক্ষ্যে ২০,৩১৭ হেক্টরে বোরো বীজতলা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি চলতি মৌসুমে প্রায় ৬০ হাজার হেক্টরে গমেরও আবাদ হচ্ছে দক্ষিণাঞ্চলে। চলতি রবি মৌসুমে বৃহত্তর দক্ষিণাঞ্চলের ১১ জেলায় প্রায় ১৬ লাখ টন বোরো চাল ও দুই লক্ষাধিক টন গম উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিবীদগন।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।