দলে জায়গা না পেয়ে ইউটিউব চ্যানেল খুলে অর্শদীপের ভিউ এখন কয়েক লাখ
অর্শদীপ সিং বল হাতে কতটা কী করতে পারেন, সেটা তো প্রায় সব ক্রিকেট দর্শকেরই জানা। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের (১০৭) মালিক তিনি। টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা এই বোলার এখন অন্য একটি পরিচয়েও নিজেকে চেনাচ্ছেন—কনটেন্ট ক্রিয়েটর।
২৬ বছর বয়সী অর্শদীপ সাম্প্রতিক সময়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে বেশ সরব। এক বছরের কম সময়ের মধ্যে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৩ লাখ ছাড়িয়ে গেছে। ফেসবুকে অনুসারীর সংখ্যা এখন ১৪ লাখ, আর ইনস্টাগ্রামে ৪৭ লাখ।
মজার বিষয় হচ্ছে, একবার দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি কনটেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন, এখন কনটেন্টও বানান, খেলেনও। গতকাল রাতেই যেমন ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টি–টোয়েন্টিতে খেলেছেন।
অর্শদীপ তাঁর চ্যানেলে ও পেজে নিয়মিত ভিডিও আপলোড করেন। দলের অনুশীলন, নিজের ব্যাটিং-বোলিং অনুশীলন, শপিং, ঘোরাঘুরি—প্রায় সব ধরনের ভিডিওই তাঁর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়।
ভারতের সাদা বল ক্রিকেটের নিয়মিত সদস্য হয়েও কীভাবে ইউটিউবিংয়ে জড়িয়েছেন, এবার সেই গল্প শুনিয়েছেন জিও স্টারে। অর্শদীপ জানান, এ বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের প্রথম ম্যাচের একাদশে জায়গা না পাওয়াটা তাঁর জন্য শাপেবর হয়েছে।
টুর্নামেন্টে ভারতের সব ম্যাচ ছিল দুবাইয়ে, যেখানে রোহিত শর্মার দল স্পিনারদেরই বেশি খেলিয়েছে। অর্শদীপের মুখেই শুনুন তাঁর ইউটিউবার হয়ে ওঠার গল্পটা—‘প্রথম ম্যাচে খেলব না জানার পর রুমে বসে খুব বিরক্ত লাগছিল। তখনই ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। পরে দেখলাম, এটা তো সত্যিকারের আশীর্বাদ হয়ে গেলো।’








