খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ–খবর জানান দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।
এদিকে দলের মধ্যপ্রাচ্যের নেতাদের বরাতে জানা যায়, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দরকার হলে সহায়তা দিতে প্রস্তুত আছে কাতার। প্রয়োজনে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে।
এরআগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স করে তিনি লন্ডনে যান। চিকিৎসা শেষে ৬ মে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। অবস্থার অবনতি হলে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ বিএনপির পক্ষ থেকে এক ব্রিফিংয়ে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। প্রয়োজন হলে তাকে বিদেশে নেওয়া হবে। এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এরইমধ্যে। সরকারের পক্ষে দেওয়া হয়েছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস।












