নাগেশ্বরীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ:নারীসহ নিহত-৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলখানা গ্রামে মাত্র ৮ শতক জমি নিয়ে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন।আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ১)আলতাফ মিয়া, পিতা: জামাল উদ্দিন, ২) এরশাদুল হক (৪০), পিতা: মানিক উল্লাহ, ৩) মোছাঃ কুলসুম বেগম (৫০)।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর ধরে জমি নিয়ে নিহতদের পরিবারের সঙ্গে তাদের চাচাতো ভাইদের বিরোধ চলছিল। সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের ১০ জনের বেশি আহত হয়েছেন। আহতরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।












