চট্টগ্রাম থেকে মালবাহী জাহাজ ভাড়া করে এনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেটে বিক্রি করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেনসহ সাতজন। এ ঘটনায় গত ২৪ নভেম্বর জাহাজের মালিক রাকেশ শর্মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।মামলায় পুলিশ গত ২৬ নভেম্বর নজরুল ইসলাম নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।মামলার শুনানির পর আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়।
গত ১৫ দিন ধরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করছিলেন অভিযুক্তরা।
মামলার অভিযুক্তরা হলেন—জাফর (৪২), শাহাদাত (৩৫), ইকবাল (৪২), নজরুল ইসলাম (৪৭), এমদাদুল হক, জাফর (৪৫) ও হোসেন (৩৩)।
আসামিদের মধ্যে শাহাদাত জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। তিনি সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাদাত মামলার প্রথম আসামি জাফরের সঙ্গে যোগসাজশে চলতি মাসের ১ তারিখে চট্টগ্রাম থেকে ‘ডাম্ব বার্জ (ডিবি)’ নামের একটি জাহাজ ভাড়া নেন। এক মাসের জন্য ৭ লাখ ২০ হাজার টাকায় জাহাজটির মালিক রাকেশ শর্মার সঙ্গে চুক্তি করেন।
এরপর জাহাজটি সোনারগাঁ মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে তুলে কেটে ফেলা হয় এবং প্লেটগুলো বিক্রি করে দেওয়া হয়। বিষয়টি জাহাজের এক কর্মচারী গোপনে মালিককে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজের জাহাজ কাটা অবস্থায় দেখতে পান। এতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন তিনি।
জাহাজের মালিক রাকেশ শর্মা বলেন, ‘এক মাসের চুক্তিতে পণ্য পরিবহনের জন্য জাফর জাহাজটি ভাড়া নিয়েছিল। কিন্তু তারা বিএনপি নেতাকর্মীদের সিন্ডিকেট করে সোনারগাঁয়ের এক বিএনপি নেতার ছেলের মালিকানাধীন শিপইয়ার্ডে জাহাজটি কেটে বিক্রি করে দেয়।’
ঘটনার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা শাহাদাত হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত ছাত্রদল নেতার বাবা ও শিপইয়ার্ডের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন,‘মালবাহী জাহাজ কেটে বিক্রির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।