ছাড় দিতে না দেওয়ায় তিন ফ্যাশন ব্র্যান্ডকে ২ হাজার ২২০ কোটি টাকা জরিমানা
লাক্সারি মানেই দামি।এই ভাবমূর্তি বজায় রেখেছে ইউরোপের নাম করা ফ্যাশন ব্র্যান্ডগুলো।
যার মধ্যে অন্যতম ইতালির গুচি, ফ্রান্সের ক্লোয়ে এবং স্পেনের লোয়েভে। অভিজাত ব্র্যান্ড মানেই এক্সক্লুসিভ, যা সবাই কিনতে পারে না। তাই তারা বিক্রেতাদের বলে, ‘ছাড় দিও না, দাম কমালে ব্র্যান্ডের ইমেজ নষ্ট হবে।’
যদি বিক্রেতারা ছাড় দেয়, তাহলে তাদের লাভ কমে। আর ব্র্যান্ড মনে করে, কম দামে বিক্রি হলে ভবিষ্যতে আসল দামে বিক্রি করা কঠিন হয়ে যাবে। তাই তারা ‘ছাড় নিষেধ’ নীতি রাখে। অনেক ব্র্যান্ড আবার বাড়তি উৎপাদিত বা পুরোনে পণ্য পুড়িয়ে ফেলে যেন কম দামে না বেচা হয়।
তবে ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, ‘কোনো কোম্পানি বিক্রেতাদের বাধ্য করতে পারে না যে তারা নির্দিষ্ট দামে বিক্রি করবে।’ এটা বাজারের মুক্ত প্রতিযোগিতার বিরুদ্ধে যায়। এই কারণেই ইইউ গুচি, ক্লোয়ে ও লোয়েভেকে জরিমানা করেছে। কারণ তারা ‘বিক্রেতাদের দাম কমাতে বাধা দিয়েছে’, যা আইনভঙ্গের মধ্যে পড়ে।
বাজারের মুক্ত প্রতিযোগিতার নিয়ম ভাঙায় ইউরোপের বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি, ক্লোয়ে আর লোয়েভের ওপর বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।এই তিন ব্র্যান্ডকে মোট ১৫৭ মিলিয়ন ইউরো(প্রায় ২ হাজার ২২০ কোটি টাকা) দিতে হবে।












