নিজ বাসার ছাদে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতা
সিলেটে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো বাসার ছাদে হাঁটতে উঠেছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছাদে গিয়ে তারা রাজ্জাকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম আজ সারাদিনকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তদের শনাক্তে পুলিশ কাজ করছে।












