রাতের মধ্যে শিক্ষকদের দাবি না মানলে মঙ্গলবার মার্চ টু সচিবালয়
আজ রাতের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলন করা এমপিও ভুক্ত শিক্ষকরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।
তিনি বলেন, এবার প্রজ্ঞাপন ছাড়া ক্লাসে ফিরবেন না। রাতের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া না হলে লং মার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।
রোববার প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে কর্মবিরতির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু রোববারের কর্মসূচিতে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় সেই কর্মসূচি একদিন এগিয়ে আনা হয় এবং সোমবার থেকে কর্মবিরতি শুরু করা হয়।
এদিকে, শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনে এসে সংহতি জানান জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্যসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।
এসময় তারা শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নিতে ব্যবস্থা গ্রহণে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।












