।।শেখ মোঃ আরিফ।।
বহুজাতিক কোম্পানি বাটা শু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। বাংলাদেশে বহুজাতিক এ কোম্পানির ৬৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী শীর্ষ পদে দায়িত্ব পেলেন। শুধু তা-ই নয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি হিসেবে কোম্পানিটির এমডির দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন।
সম্প্রতি বাটা শু কোম্পানি বাংলাদেশের শীর্ষ পদে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী মাসে এমডির দায়িত্ব নেবেন ফারিয়া ইয়াসমিন। তিনি বাটা শু কোম্পানি বাংলাদেশের বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা শু বাংলাদেশের এমডির দায়িত্ব ছেড়ে ভারতের একটি বহুজাতিক কোম্পানির এমডি হিসেবে যোগ দেবেন। আর বাটাতে তাঁর স্থলাভিষিক্ত হবেন ফারিয়া ইয়াসমিন।
এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বাটা শু আজ তাদের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের কথা বিনিয়োগকারীদের জানিয়েছে। পরে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছে।
ফারিয়া ইয়াসমিন হতে যাচ্ছেন কোম্পানিটির এ দেশের প্রথম নারী এমডি। পাশাপাশি স্বাধীন বাংলাদেশে বাটার প্রথম এদেশীয় এমডি। স্বাধীনতার আগে বাটা শু বাংলাদেশে একজন বাংলাদেশি শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন। তখন অবশ্য এ দেশে বাটা শু শীর্ষ পদটি এমডির ছিল না।
বাটা শু বাংলাদেশের তথ্য অনুযায়ী, ১৯৬২ সালে এটি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ১৯৮৫ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে টঙ্গী ও ধামরাইয়ে বাটা শুর দুটি কারখানা রয়েছে। কারখানা দুটির প্রতিদিন ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা তৈরির সক্ষমতা রয়েছে। কোম্পানিটির বার্ষিক জুতা বিক্রির পরিমাণ প্রায় তিন কোটি জোড়া।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।