।।অনলাইন ডেস্ক।।
‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত দেড়টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং গালিগালাজ করা হয়।
আখতার এর উপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একইভাবে ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
পুরো ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির অন্যতম শীর্ষ নেতা সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহও।
এদিকে, যুক্তরাষ্ট্রে যে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে- তা আগেই জানিয়েছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।একই সঙ্গে, জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে তিনটি রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধির অংশগ্রহণেরও সমালোচনা করেন তিনি।
ফেসবুকে নিজের আইডিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক পোস্টে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে ৩টা রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রটেকশনের স্বার্থে নিয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন রাশেদ খান।
এদিকে, যুক্তরাষ্ট্রে ‘জুলাই সন্ত্রাসী’ স্লোগান দিয়ে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলার ঘটনার পর ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে এই সরকার আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এমনকি ডক্টর মুহাম্মদ ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান!
উল্লেখ্য মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে দেওয়া এক পোস্টে রাশেদ আরো বলেন-
"‘যখন এই সরকারের কেউ সমালোচনা করা শুরু করেনি, তখন আমি সমালোচনা করি। যে কারণে আমি সরকারের উপদেষ্টাদের বিরাগভাজন হয়েছি, এমনকি সরকার ও সরকার ঘনিষ্ঠ কোনো কোনো মহল থেকে হুমকিও পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আমাকে নানাভাবে কটাক্ষ করেছে। তারা মনে করতো আমি মনে হয় ভুল করছি! কিন্তু আজকে চিন্তা করে দেখেন, কে ভুল ছিলো! এই উপদেষ্টা পরিষদের অনেককে আমি বহুদিন ধরে চিনি, তারা কতোটুকু কি করতে পারবে, সেটা আমার অনুমেয় ছিল।’"
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।