ঢামেক রিপোর্টার :
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ আজ সারাদিন কে জানিয়েছে, নবজাতকেরা অতি অল্প বয়সে এবং কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। জন্মের পরপরই তাদের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।তবে চিকিৎসক ও নার্সদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও পাঁচজনকে বাঁচানো সম্ভব হয়নি।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া গত রবিবার সকালে ঢামেক হাসপাতালে ছয় সন্তানের জন্ম দেন। প্রসূতি মায়ের গর্ভধারণের সময়কাল ছিল মাত্র ২৭ সপ্তাহ। নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া এই ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে ছিল। তাদের ওজন ছিল গড়ে মাত্র ৬০০ থেকে ৮০০ গ্রাম, যা স্বাভাবিকের তুলনায় অনেক কম। এজন্য জন্মের পরপরই তাদের অবস্থার অবনতি হতে থাকে এবং সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে নেওয়া হয়।
প্রথমে ঢামেক হাসপাতালে ভর্তি থাকা এক নবজাতক মারা যায়। এর পরপরই একে একে বাকি চারজনও ঢামেক ও অন্য একটি হাসপাতালে মৃত্যুবরণ করে। বর্তমানে শেষ নবজাতকটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও ভালো নয়। নবজাতকদের ফুপু লিপি বেগম জানিয়েছেন,পাঁচজন মারা যাওয়ার পর পরিবারের সবাই ভেঙে পড়েছেন এবং শেষ শিশুটিকেও নিয়ে তারা শঙ্কায় আছেন।
চিকিৎসকরা বলছেন, প্রসূতি মায়ের মাত্র ২৭ সপ্তাহের গর্ভধারণকাল এবং নবজাতকদের অত্যধিক কম ওজন — এই দুই কারণেই তাদের বাঁচানো সম্ভব হয়নি। এত অল্প বয়সে জন্ম নেওয়া শিশুর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পূর্ণাঙ্গভাবে বিকশিত হয় না, বিশেষ করে ফুসফুস, হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গ ঠিকমতো কাজ করতে পারে না। ফলে তাদের চিকিৎসা অনেক বেশি জটিল হয়ে পরে।
ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিশুদের বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রসূতি মায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও সন্তান হারানোর ঘটনায় তিনি ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। একসঙ্গে ছয় নবজাতকের জন্ম বাংলাদেশে বিরল হলেও মূলত অকাল জন্ম ও কম ওজনের কারণে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।